শুক্রবার, ২২ জুলাই, ২০১১

বৃষ্টি চলে বৃষ্টি অবিরাম: বিষ্ণু দে

দেখেছো কি বৃষ্টি চলে? বৃষ্টি অবিরাম
গরম দুপুর ধুয়ে প্রবল হাওয়ায় ধুয়ে ধুয়ে
অবিরাম বৃষ্টি পড়ে, শীতল আরাম
মাটিতে মাটিতে পথে ইটে ছাতে, তৃষ্ণার্ত পৃথিবী
ছেয়ে-ছেয়ে! বৃষ্টি নামে, পৃথিবীতো আর-এক নাম
তোমারই, কোথায় তুমি? কর্মরত দৃঢ়বদ্ধনীবি

যেখানেই থাকো তুমি বৃষ্টি নামে, মেঘে মেঘে যাই,
একাকার, আদিগন্ত সমুদ্রের মেদিনীমেখলা,
অথবা পাহাড় শাল অরণ্যের খাড়াই উৎরাই
ঢাকি এক আলিঙ্গনে, বিদ্যুতে ও বজ্রে দিই ডাক
তোমাকে, যেখানে থাকো বাষ্পে বাষ্পে জড়াই চঞ্চলা!

তুমি ভাবো দূরে ব'সে পার পেলে, প্রেম যে অপার,
চেতনার নীল জুড়ে মেঘে-মেঘে আমার আকাশ,
তোমাকে করেছে ধাওয়া আশ্বিন বৈশাখ আষাঢ়,
সর্বদাই ছেয়ে রাখে তোমাকে যে, বিলম্বিতনীবি
পীনবক্ষ দৃঢ়উরু, চেতনার বিদ্যুতে আভাস
তোমার সত্তার পাই, ঢেকে রাখি তোমায় পৃথিবী!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন